স্বল্পমূল্যে চাউল কেনার প্রলোভন দেখিয়ে অপহরণ,অপহরণকারী গ্রেফতার
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬ পিএম
আড়াইহাজার উপজেলায় স্বল্পমুল্যে চাউল কেনার প্রলোভন দেখিয়ে মুদি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবীর ঘটনার ১২ দিন পর ঘটনায় অপহরণের শিকার দিপু মোল্লাকে উদ্ধার করেছে র্যাব-১১ এর সদস্যরা। এসময় ৩০ হাজার টাকা মুক্তিপণসহ অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়াকে (৪০) গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব -১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু। এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সজিব মিয়া উপজেলার পাঁচরুখী এলাকার বাবু মিয়ার ছেলে। র্যাব -১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে জানায়, ভিকটিম দিপু মোল্লা একজন মুদী ব্যবসায়ী। বিগত ১২ দিন পূর্বে দিপুকে গ্রেফতারকৃত আসামী সজিব একজন চাউল ব্যবসায়ী বলে পরিচয় দেয় এবং তার গোডাউনে থাকা চাউল স্বল্পমূল্যে তার নিকট বিক্রয়ের প্রলোভন দেখায়।
এরপর তাকে সজিবের গোডাউনে থাকা চাউল দেখানোর কথা বলে একটি প্রাইভেটকার যোগে আড়াইহাজার উপজেলার পাচরুখী কালীবাড়ী সড়কের এক তলা বিশিষ্ট বাড়ির একটি রুমে আটক করে রাখে। সেখানে দীপুকে এলোপাথারিভাবে মারপিট করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
এমনকি তাকে ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল হতে তার মায়ের ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে তাকে অপহরণ করা হয়েছে জানায় এবং জরুরী ভিত্তিতে এক লক্ষ টাকা নিয়ে পাচরুখী এলাকায় আসার জন্য বলে। তখন দীপুর মা ভয় পেয়ে বৃহস্পতিবার স্বজনদের কাছ থেকে ত্রিশ হাজার টাকা ধার করে পাচরুখী ভূইয়া পাড়া কালীবাড়ী সড়কের পাশে মিন্টু মিয়ার বিসমিল্লাহ ফার্নিচারের সামনে বালুর মাঠে উপস্থিত হয়।
ওই সময় র্যাবের টহল টীমের বিষয়টি দৃষ্টিগোচর হয়। পরে দীপুর মায়ের নিকট থেকে টাকা নিতে আসলে মুক্তিপনের ত্রিশ হাজার টাকাসহ অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী পালিয়ে যায়। র্যাব-১১ পলাতক আসামীকে গ্রেফতার করার কার্যক্রম চলমান আছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।


