সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারিতে মাছ শিকার; হুমকিতে জীববৈচিত্র্য
আশরাফুল আলম, সোনারগাঁ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ পিএম
সোনারগাঁ উপজেলার মেঘনা নদী, খাল বিল ও বিভিন্ন জলাশয় এখন নিষিদ্ধ চায়না দুয়ারি ম্যাজিক চাঁইয়ে সয়লাব। যাদুকরি চায়না দুয়ারি ম্যাজিক চাঁই এই বিশেষ ধরনের জাল পেতে অবাধে মাছ শিকার করছেন অসাধু শিকারিরা। এই জালে ধরা পড়ে বাইম, বাইলা, টেংরা, পুঁটি, কই, শিং, শোল, গজার, ডিমওয়ালা চিংড়ি ও মা মাছসহ ছোট-বড় দেশীয় প্রজাতির সব ধরনের মাছ।
বাদ যাচ্ছে না মাছের পোনাও। এমনকি সাপ, ব্যাঙ, কুইচা, কাঁকড়া, শামুক, জিনুকসহ অধিকাংশ জলজ প্রাণীও এতে আটকা পড়ে। যার ফলে হুমকিতে রয়েছে জীববৈচিত্র ও মৎস্য খাত। মাঝে মধ্যে সোনারগাঁ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ম্যাজিক চাঁই জব্দ ও অভিযুক্তদের জরিমানা করলেও কোন ভাবেই থামছে না এর দৌরাত্ন।
মাছ ধরার কাজে জড়িত সংশ্লিষ্ট জেলেরা জানান, নিষিদ্ধ এই চায়না দুয়ারি ম্যাজিক চাঁই পুরোপুরি নির্মূল করা না গেলে অচিরেই মাছ শূণ্য হয়ে পড়বে নদী, নালা, খাল বিল, হুমকির মধ্যে পড়বে জীববৈচিত্র্য ও প্রকৃত মৎস্যজীবীদের জীবন জীবিকা।
জানা যায়, সোনারগাঁ উপজেলার আনন্দবাজার, বৈদ্যেরবাজার, মেঘনাঘাট, আষাঢ়িয়ারচর, দুধঘাটা, কোরবানপুর, পাঁচানী, তাতুয়াকান্দি, গজারিয়ারপাড়, দশদোনা নয়াগাঁও, মনাইকান্দি, কাইকারটেক, এলাহীনগর, নবীনগর, ফরদি ও শম্ভুপুরাসহ বিভিন্ন এলাকায় মেঘনার শাখানদী ও বিলের বিভিন্ন স্থানে নিষিদ্ধ চায়না দুয়ারি ম্যাজিক চাঁই পেতে মাছের পোণাসহ ছোট-বড় সব ধরনের মাছ নিধন করা হচ্ছে।
অসাধু মৎস্য শিকারিরা প্রতিদিন সন্ধা রাতে এ জাল পেতে রাখে পরে আবার ভোর রাতে গোপন ভাবে মাছসহ সেই জাল তুলে আনে। সোনারগাঁ উপজেলার আনন্দবাজার ও কাইকারটেক হাটেই গোপনে চায়না দুয়ারি ম্যাজিক চাঁই বিক্রি করা হয় বলে জানা গেছে।
বৈদ্যেরবাজার এলাকার মৎস্য জীবি অপু বর্মণ বলেন, চায়না দুয়ারি ম্যাজিক চাঁই কারেন্ট জালের চেয়েও ভয়াবহ এবং মারাত্নক ক্ষতিকর। বৈদ্যেরবাজার এলাকার জেলেরা তাদের চিরাচারিত কলা-কৌশলে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করতেন তারা এখন হতাশ। এমন পদ্ধতিতে প্রতিদিন মাছ শিকার করলে অচিরেই মাছ শূণ্য হয়ে পড়বে নদী, নালা ও খালবিল।
আমরা জাল নিয়া নদীত মাছ ধরতে গেলে চায়না দুয়ারির মালিকরা বাধা দেয়। ওদের যন্ত্রনায় আমরা ঠিকমতো মাছ ধরতে পারি না। ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসারে বড়ই কষ্টে আছি। বর্তমানে চায়না দুয়ারি ম্যাজিক চাঁইয়ের কারণে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই চায়না দুয়ারি ম্যাজিক চাঁই সম্পূর্ণ নির্মূল করা না গেলে মাছ শূণ্য হয়ে পড়বে নদী এবং না খেয়ে থাকবেন স্থানীয় সব মৎস্যজীবীরা ।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াসমিন আক্তার জানান, ‘প্রতি মাসেই আমরা অভিযান চালিয়ে চায়না দুয়ারি ম্যাজিক চাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে থাকি। আমিষের অন্যতম প্রধান উৎস মাছ রক্ষায় কারেন্ট জাল ও চায়না দুয়ারী ম্যাজিক চাঁই ধ্বংসসহ মৎস্য সংক্রান্ত আইনগুলো বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।’ এন.এইচ/জেসি


