কুতুবপুরের শাহীমহল্লা ও মুন্সিবাগে প্রকাশ্যে বসে মাদকের হাট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯ পিএম
বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ধনী জেলার তালিকায় প্রথম রয়েছে। অর্থনীতি, রাজনীাতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই জেলার সুনাম থাকলেও কিছু কিছু বিষয়ে এই জেলার দূর্নামও রয়েছে। বিশেষ করে গুম,খুন ,মাদক ,কিশোর গ্যাং সহ নানান অপরাধ সংগঠিত হয়ে থাকে এই নারায়ণগঞ্জে ।প্রশাসন অপরাধ রোধ করতে বিভিন্ন সময় ব্যাপকভাবে অভিযান চালালেও তা স্থায়ীভাবে আর হয়ে উঠেনা।
আর এই নারায়ণগঞ্জ এর মধ্যে অপরাধ জগতের ভান্ডার যদি বলা হয় তাহলে সবার আগে নাম আসবে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের এখানে এমন কোন অপরাধ নেই যে এই এলাকাতে না হয়ে থাকে। বিশেষ করে মাদক এই এলাকার জন্য ভয়ানক আকার ধারন করেছে যা কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছেনা ।
কুতুবপুর এলাকাটি নারায়ণগঞ্জ এর বর্ডার সাইড হওয়ার কারণে এই এলাকাতে অপকর্ম করে, খুব সহজেই অন্য এলাকায় চলে যাওয়া যায়। এর আগে এই কুতুবপুরের আকনগলি এলাকায় প্রকাশ্য দিনে দুপুরে মাদকের কেনা বেচা চলতো, প্রশাসনের তৎপরতার কারণে তা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে আসলেও কুতুবপুরের রসুলপুরের বিভিন্ন এলাকায় মাদকের কেনা-বেচা ব্যাপক আকার ধারন করেছে।
এই সকল এলাকায় বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা তার পরও কতিপয় কিছু সন্ত্রাসী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় এই সকল মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও খুবই অল্প সময়ে মধ্যে জামিন পেয়ে আবারো জড়িয়ে পড়ছে সেই মাদক বিক্রিতে। এলাকার যুবকরা জড়িয়ে পড়ছে মাদকের মরণ ছোবলে।
শুধু তাই নয় কুতুবপুরের মুন্সিবাগ এলাকায় এখন নতুন করে মাদকের আস্থানা গড়ে উঠেছে। জানা যায়, মুন্সিবাগ এলাকার রাতের আধারে মাদক কেনা-বেচা হরদম চলে এমনকি বিভিন্ন সময় মানুষকে আটকিয়ে ভয় দেখিয়ে মোবাইল টাকা পয়সা নিয়ে যাওযার মতো ঘটনা ঘটে থাকে।
মুন্সিবাগ বাইতুল মিরাজ জামে মসজিদের সদস্য মাউচ্ছা মনিরের ছেলে ছাব্বির হোসেন ওই এলাকার কিশোরদের নিয়ে মাদকের জমজমাট ব্যবসা বসিয়েছে এবং বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এই মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
আর ভিডিওটিতে দেখা গিয়েছে কয়েকজন কিশোর একসাথে বসে মাদক সেবন করছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এই সকল মাদকে জড়িত হচ্ছে কিশোররা এবং এই মাদকের ছোবলে নষ্ট হচ্ছে যুবসমাজ।তবে মাদক সেবনের ভিডিও ছড়িযে পড়লেও তারা কেউ গ্রেফতার না হওয়ায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।
এলাকার সাধারন মানুষ এ সকল কিশোর গ্যাং মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে চায় এবং তারা মনে করছেন এই মাদক ব্যবসায়ীদের যদি দমন না করা হয় তাহলে নষ্ট হবে পরিবার ও পুরো সমাজ। তাই তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ফতুল্লা থানা অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু জানান, ‘আমি এ বিষয়ে অবগত না সেখানে মাদক বেচাকেনা হয় কিনা; তবে সুনির্দিষ্ট কোন প্রমান থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ এন.এইচ/জেসি


