রূপগঞ্জে রাকিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম
রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (২২) এর হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর এশিয়ান হাইওয়ে বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দাবিকৃত চাঁদা না পেয়ে গত বুধবার রাতে সন্ত্রাসী ও চাঁদাবাজ দেলোয়ার হোসেনসহ দেলোয়ার বাহিনীর সদস্যরা কুপিয়ে হত্যা করেছে রাকিব হাসানকে। এ ঘটনার তিনদিন হয়ে গেলেও আসামিরা এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে। আমাদের দাবি রাকিবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার।
প্রসঙ্গত, গত ২১ (সেপ্টেম্বর) বুধবার উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় রাত ৯টার দিকে কুপিয়ে হত্যা করা হয় রাকিব হাসানকে। এ ঘটনায় নিহত রাকিব হাসানের বোন আখি আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার আসমত আলীর ছেলে শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, জাকির হোসেনের ছেলে সজীব মিয়া, পাচাইখা টেলাপাড়া এলাকার সাফির ছেলে হামজালা, নায়েব আলীর ছেলে আফজাল, গোলাকান্দাইল এলাকার আসমত আলীর ছেলে জাকির হোসেন ও মৃত আব্দুর রহিমের ছেলে মিল্লাত। এদিকে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


