সোনারগাঁয়ের নয়াপুর খেলার মাঠ দখল করে ইট বালুর ব্যবসা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪ পিএম
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর খেলার মাঠটি দখল করে ইট বালুর ব্যবসা সহ নানাবিধ ব্যবসা করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীদেও বিরুদ্ধে। এতে করে মাঠে খেলাধুলা বন্ধ হয়ে গেছে এবং ধীরে ধীরে মাঠটি দখল হয়ে যাচ্ছে।
জানা গেছে, এই মাঠে প্রতি বছর ৮দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন বসে এবং অত্র মাঠে একসময় ফুটবল ও ক্রীকেটের মত বড় বড় টুর্নামেন্ট বসতো। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় কোন খেলাধুলার আয়োজন না থাকায় মাঠের এক প্রান্তে ইটের কনা, বালু, রেন্ট এ কার, ডেকোরেটর, রড সিমেন্টের দোকান, পিকআপ ও বিভিন্ন নসিমনের পার্কিং, স’মিলের বিশাল সংখ্যক গাছের গুড়ি ফেলে রেখে মাঠটি দখল করা হয়েছে।
মাঠের এক প্রান্তে গোলবারের সামনে পড়ে রয়েছে সারি সারি গাছের গুড়ি ও শুকানো হচ্ছে ব্যক্তিগত কাপড় চোপড়। তাছাড়া মাঠের মধ্যে পল্লী বিদ্যুতের বিশাল আকারের কয়েকটি পিলার পড়ে থাকতেও দেখা গেছে। সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিক বলেন, ‘ছোটবেলা থেকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও কাবাডি খেলে দেখে আসছি। কিন্তু মাঠ দখল ও মাঠে ইট বালু ও খোয়া রাখায় এখন আর খেলাধুলা করা যায় না।
খেলতে গেলে খোয়া ও পাথরের কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। সংস্কার করা হচ্ছেনা অনেক দিন। মাঠে পানি জমাট সহ বিভিন্ন জায়গায় উচু নীচু হয়ে আছে। এই মাঠ দখলমুক্ত কওে খেলাধুলার জন্য উপযোগী করে গড়ে তুলতে ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি’। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক এলাহী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এন.এইচ/জেসি


