আলোচিত হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৭:৪১ পিএম
সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার একজন আসামী-কে মুন্সীগঞ্জ সদর এলাকা থেকে আটক করেছে র্যাব-১১। গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় খাঁনপুর হাসপাতালে শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়।
এই ঘটনায় ভিকটিমের দাদি রুনু বেগম (৫৫) বাদী হয়ে এজাহারনামীয় তিনজন সহ অজ্ঞাতনামা আট-দশজন আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, অত্র হত্যার সাথে জড়িত এজাহারনামীয় দুই নং আসামীকে সনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে মুন্সীগঞ্জ জেলার সদর থানার বজ্রযোগিনী এলাকায় অদ্য ১১ অক্টোবর আনুমানিক ২ টা ৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড নতুন আইলপাড়া এলাকার আ. কাদিরের ছেলে সোহাগ(৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীসহ রফিকুল, সানী ও অজ্ঞাতনামা আট-দশজন গত ৩০সেপ্টেম্বর শুক্রুবার সকাল সাড়ে ৫টায় এনায়েতনগর এলাকা হতে ভিকটিম রাসেলকে মোবাইল চোর সন্দেহে উঠিয়ে নিয়ে ১নং আসামী রফিকুল এর বাসায় নিয়ে দিনভর শারিরীক নির্যাতন করে।
একপর্যায়ে ভিকটিম রাসেলের শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে ৪টা ৩০ ঘটিকায় পাঠানটুলি কবরস্থানের পার্শ্বে নির্জন জায়গায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে জানা যায় যে, ভিকটিম রাসেল হাসপাতালে মৃত্যুবরণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উপরোক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


