আড়াইহাজারে যাত্রীবাহী বাসের চাপায় এক কলেজ শিক্ষার্থীসহ নিহত-২
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৩:৩১ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় ‘বন্ধন’ নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় নাফিজ (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
লাফিজ আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে। অপরজন দুলাল মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্ছারামপুর এলাকার মোহাম্মদ আলী প্রকাশ ওরফে হক্কা মিয়ার ছেলে।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় আরও এক নারী যাত্রী আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা থেকে (গাজীপুর-ঢ-১১-১০৮৮) নাম্বারের যাত্রী নিয়ে একটি সিএনজি আড়াইহাজারের দিকে আসছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকা দিয়ে সিএনজিটি রাস্তা পারপার হচ্ছিল।
এসময় ঢাকা থেকে নরসিংদীগামী (ঢাকা-মেট্রো-ব-১১-৫৫৬৫) নাম্বারের ‘বন্ধন’ পরিবহন কোম্পানী নামে দ্রুতগতির একটি যাত্রীবাস সিএনজিকে (অটোরিকশা) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা কলেজ শিক্ষার্থী লাফিজ ও অপরযাত্রী দুলাল মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাফিজ আড়াইহাজার সরকারী সফর আলী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এসময় গুরুতর আহত একনারী যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই মজিবুর বলেন, এক কলেজ শিক্ষার্থীসহ দুইটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় বাস ও সিএনজিও উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এন.এইচ/জেসি


