জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন রূপগঞ্জের শীলা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৭:৩৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সীমা রাণী পাল শীলা। এর আগে, জেলার ২ নং ওয়ার্ডে (রূপগঞ্জ) সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আনসার আলী। রোববার (১৭ অক্টোবর) দুপুর ২টায় জেলা পরিষদের ভোট গ্রহন শেষে জেলা পরিষদের বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও সংরক্ষিত মহিলা আসনে রূপগঞ্জের সীমা রাণী পাল শীলা (টেবিল ঘড়ি) ২০৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আড়াইহাজারের সাহিদা মোশারফ (দোয়াত কলম) পেয়েছেন ১৭২ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনায় সংবাদ পাওয়া যায়নি। ইতোমধ্যে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ব্যতীত ৫টি সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত নারী সদস্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠিত হয়।
নির্বাচনে ৫ টি সদস্য পদের জন্য লড়াই করছেন ১৯ জন প্রার্থী। মোট ভোটার ৬১০ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটার। গত ১ সেপ্টেম্বর ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ১৭ অক্টোবর ভোট গ্রহণ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নারায়ণগঞ্জের ৫টি ভোট কেন্দ্রে ১০টি ভোট কক্ষ স্থাপন করা হয়।


