আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ০৮:১৯ পিএম
সিদ্ধিরগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মিশুক অটো উদ্ধার করে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।
এর আগে গত (১৮ অক্টোবর) দিবারাত্রি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার মৃত রাজ রাজ কুমার পালের ছেলে রাজিব চন্দ্র পাল (৩৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানার মোঃ হান্নান ভুঁইয়ার ছেলে মোঃ জনি ভুঁইয়া (২৫)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কিছুসংখ্যক অটোরিকশা চোর চক্রের সদস্যরা সিদ্ধিরগঞ্জের এসও বাসস্ট্যান্ড এলাকায় চুরি করা একটি সবুজ রঙের অটো গাড়ি কেনাবেচা করাকালীন সময় গোপন সংবাদের মাধ্যমে তারা খবর পান।
খবর পাওয়ার সাথে সাথে রাত ২ টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( 'ক' সার্কেল) নাজমুল হাসান ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম বারসহ একটি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে চোররা পালানোর চেষ্টা করে।
পালানোর চেষ্টাকালে রাজিব চন্দ্র পাল (৩৫) কে হাতেনাতে আটক করে তারা। পুলিশ আরও বলেন, আটককৃত সজিব চন্দ্র পালকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া ঠিকানা নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসাবো বাজার জনি ভুঁইয়ালর গ্যারেজ থেকে আরও তিনটি অটোগাড়ি উদ্ধার করেন তারা।
চুরির কাজে জড়িত থাকায় গ্যারেজ মালিক মোঃ জনি ভুঁইয়া (২৫) কেও আটক করে তারা। তাদের প্রাথমিক জিজ্ঞেসাবাধে জানা যায় তারাসহ ৪/৫ জন অটো গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য।
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি করে নারায়ণগঞ্জ জেলা ও আশপাশের জেলায় বিক্রি করেন তারা। জড়িত থাকা বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান আছে বলে জানান পুলিশ। এন.এইচ/জেসি


