“পিনিক গ্যাং”এর প্রধান শাকিলসহ ৫ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৪:৪৮ পিএম
দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং”এর প্রধান শাকিলসহ ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার হাটিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর প্রধান রূপগঞ্জের তারাবো এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২১)।
শাকিলের সাথে গ্রেফতার করা হয়, সুনামগঞ্জের তাহেরপুর বাধাগাট এলাকার মত সিরাজ আলীর ছেলে মো. আলফাজ (১৮), আড়াইহাজার থানার সোহাগের ছেলে মো. সিফাত (১৮), রূপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাার মৃত খোরশেদ আলমের ছেলে মো. রিফাত হোসেন (২১), এবং মৃত রফিক ভূইয়ার ছেলে মো. শান্ত ভূইয়া (২১)।
গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ২টি হাসুয়া, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া, উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শণ করার জন্য রূপগঞ্জ থানার হাটিপাড়া তারাবো মোজাম্মেল চেয়ারম্যান এর বালুর মাঠে ছোড়া, সুইচ গিয়ার চাকু, হাসুয়া সহ একত্রিত হয়েছিল।
তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা একটি গ্রুপে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে।
হাল আমলে বিভিন্ন পত্র পত্রিকায় ও মিডিয়ায় নারায়ণগঞ্জ এলাকার কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত কিশোর গ্যাং এর সদস্যদের সকল আলামত সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
কিশোর গ্যাং প্রধান মোঃ শাকিল ইসলাম (২১) এর বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা এবং একটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এন.এইচ/জেসি


