হিতৈষী ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের নির্দেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম
সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে হিতৈষী ভোটার তালিকায় ৪ জন ভোটরকে অদৃশ্য কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার অভিযোগ উঠে। অত্র কলেজে হিতৈষী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ছিল ২৮জনকে কিন্তু ২৪জনকে অর্ন্তভুক্ত করে একটি ভোটার তালিকা প্রকাশ করে ম্যানেজিং কমিটির নির্বাচনে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত অত্র কলেজের অধ্যক্ষ।
এতে করে গত ১১-১০-২০২২ তারিখে হিতৈষী ভোটার তালিকায় ৪জনকে অন্তর্ভুক্ত করণ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করেন। পাশাপাশি দৈনিক যুগের চিন্তায় ৩০-১০-২০২২ তারিখে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত প্রসঙ্গে একটি নিউজ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ০২-১১-২০২২ তারিখে ৪জনকে অন্তর্ভুক্ত করণ প্রসঙ্গে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনুলিপি প্রেরণ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুলিপি সুত্রে জানা যায়, গত ১১-১০-২০২২ তারিখে জনাব কবির হোসেন ভূঁইয়া, জনাব ইমরান আহমেদ পিয়াস, জনাব শাররিমা নূর তানহা এবং জনাব মোঃ সহিদ হোসেন-এর নাম হিতৈষী সদস্য ভোটার তালিকায় অন্তরর্ভুক্ত করণ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।
তাদের উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, রীট পিটিশন নং-১২৪৪৫/২০২২-এর মহামান্য হাইকোর্ট বিভাগের ২৫-১০-২০২২ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রীট পিটিশনারগণ কর্তৃক বিশ্ববিদ্যালয় বরাবর দাখিলকৃত ১১-১০-২০২২ তারিখের আবেদন নিষ্পত্তিকল্পে রেকর্ড দৃষ্টে দেখা যায়, হোসেনপুর এস. পি. ইউনিয়ন ডিগ্রি কলেজ
নারায়ণগঞ্জ-এর গভর্নিং বডি নির্বাচন-২০২২ উপলক্ষ্যে কলেজ কর্তৃক প্রকাশিত হিতৈষী সদস্য হওয়ার বিজ্ঞপ্তি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ধারা ২ (ড) অনুযায়ী জনাব কবির হোসেন ভূঁইয়া, জনাব ইমরান আহমেদ পিয়াস, জনাব শাররিমা নূর তানহা এবং জনাব মোঃ সহিদ হোসেন ২৯-০৯-২০২২ তারিখে নির্ধারিত ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা করে কলেজ ফান্ডে জমা প্রদান করেন এবং কলেজ উক্ত টাকা গ্রহণ করে।
এমতাবস্থায়, অত্র কলেজের গভর্নিং বডির হিতৈষী সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে হিতৈষী সদস্য ভোটার তালিকায় জনাব কবির হোসেন ভূঁইয়া, জনাব ইমরান আহমেদ পিয়াস, জনাব শাররিমা নূর তানহা এবং জনাব মোঃ সহিদ হোসেনের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ হিতৈষী সদস্য ভোটার তালিকা প্রকাশপূর্বক হিতৈষী সদস্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো। এ বিষয়ে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি অনুষ্ঠানে আছেন বলে ফোন কলটি কেটে দেন।


