ফতুল্লায় অটোরিক্সাসহ চার ছিনতাইকারী গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:২৩ পিএম
ফতুল্লার তল্লায় একটি অটোরিক্সাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়ার মৃত সামাদের পুত্র রিপন হোসেন (২৮), ফতুল্লা মডেল থানার পশ্চিম তল্লার মৃত পূর্ন শেখের পুত্র মোঃ খোকন শেখ (৩০), একই থানার চানমারীর মৃত নুর ইসলামের পুত্র মোঃ দ্বিন ইসলাম (২৮) ও পশ্চিম তল্লার পূর্ন শেখের পুত্র মোঃ ইসা শেখ (৪৬)।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে তাদের কে ফতুল্লা মডেল থানার তল্লা মডেল গার্মেন্টস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ফতুল্লা মডেল থানার তল্লা মডেল গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারী কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি অটোরিক্সা ও একটি সুইচ গিয়ার উদ্ধার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।


