বক্তাবলীতে সাবেক চেয়ারম্যান বাবুলের বাড়িতে হামলা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৯:৪১ পিএম
আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বক্তাবলীর আলোচিত আলমগীর হত্যা মামলার আসামি বুইট্টা আব্দুল, কাউছার গংরা। এবার উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় বক্তাবলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের বাড়ি-ঘর ভাংচুরসহ তার ছোট ভাই মাসুমকে পিটিয়ে আহত করেছে।
এমনকি প্রকাশ্যে বাবুলকে হত্যার হুমকীও দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল ইসলাম বাবুল চেয়ারম্যান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, আলমগীর হত্যা মামলার আসামি, রাজাপুরের বহু অপকর্মের হোতা আব্দুলের মেয়ের বিয়েকে কেন্দ্র করে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল বাসায়। এই শব্দের কারনে এইচএসসি পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছিল।
এমনকি এলাকার শিশু, বয়োজেষ্ঠ ও অসুস্থরা ঘুমাতে পারছিলেন না। ওই এলাকার পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তনুযায়ী উচ্চ শব্দে গান বাজানো নিষেধ আগে থেকেই। বিষয়টি আব্দুলকে জানানো হয় পঞ্চায়েতের মাধ্যমে।
কিন্তু তারা কোন নিষেধ না মেনে সারা রাত গান বাজায়। গতকাল সকালে এ বিষয়ে রাজাপুর মসজিদের পাশেই শালিস বসানো হয়। কিন্তু শালিসে বসেই সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুলের উপর চড়াও হয় মাদকের গডফাদার মতিন, সিকি হারুন।
তারা বাবুলকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যার হুমকি দেয়। বিকেলে বাবুল চেয়ারম্যানের ছোট ভাই মাসুম রাজাপুর এলাকায় নিজ বাড়িতে গেলে সন্ত্রাসী হারুন, সজীব, কাউসার, পাভেল, হিমেল, সবুজ, ফারুক মেম্বার ও আলমগীর হত্যার এক নম্বর আসামি বুইট্টা আব্দুল হামলা চালায় তার উপর। এ সময় বাবুলের বাড়ি-ঘরও ভাংচুর করা হয়। এন.এইচ/জেসি


