নাসিম ওসমান সেতুতে ঘুরতে গিয়ে দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৫:৪৯ পিএম
বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতুতে (তৃতীয় শীতলক্ষ্যা সেতু) মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হলেন দুই শিক্ষার্থী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সেতুর উপর ঘুরতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু সিমন (২৩) ও নাঈম হোসেন দ্বীপ।
সিমন ঘটনা স্থলেই নিহত হন এবং নাঈম গতকাল রোববার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায়। সিমন নারায়ণগঞ্জ শহর সংলগ্ন পুরাতন সৈয়দপুর এলাকার সালামতের ছেলে। তার মা নিলুফা বেগম গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য।
নাঈম শহরের গলাচিপা এলাকার স্বাধীন মিয়ার ছেলে। দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই খোকন সংবাদ মাধ্যমকে জানান, “রাত সাড়ে ১১টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে একেএম নাসিম ওসমান সেতুতে ঘুরতে যান সিমন ও নাঈম। এ সময় সেতুর মধ্যে মোটর সাইকেলটি ঘুরাতে চাইলে তা উল্টে যায়। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সিমন মারা যান।”
তার বন্ধু নাঈমকে আহতবস্থায় হাসপাতালে নেয়া হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা নাঈম হোসেন দ্বীপের চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন, গোগনগর ইউনিয়ন পরিষদের দুই সদস্য সৈকত হোসেন ও রফিকুল ইসলাম। এর আগে গত ১০ অক্টোবর সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এন.এইচ/জেসি


