বুড়িগঙ্গায় পাওয়া মরদেহটি সাবেক ছাত্রলীগ নেতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যাক্তির নাম দুরন্ত বিপ্লব (৫১)। তিনি একজন কৃষি খামারি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটিরও সদস্য ছিলেন।
রবিবার (১৩ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী মন্ডল। নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।
ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী মন্ডল জানান, “শনিবার (১২ নভেম্বর) বিকেলে পাগলা ঘাট থেকে একটি অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়।
রাত ১২টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। পরে রাত ৩টায় নারায়ণগঞ্জ এসে নিহতের ছবি দেখে; মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বজনরা।”
স্বজনরা জানিয়েছেন, “দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
‘ময়নাতদন্তের পর পরিবারের মতামতের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’; বলে জানান এসআই শাহজাহান আলী মন্ডল।
নিহতের স্বজনরা গণমাধ্যমকে জানান, বিপ্লব একজন কৃষি খামারি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটিরও সদস্য ছিলেন।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের আগে তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ। এন.এইচ/জেসি


