রূপগঞ্জে ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ পাঁচ ডাকাত গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৪:০৩ পিএম
রূপগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দার জাহাঙ্গীরসহ পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার মুড়াপাড়া বাজার এলাকায় লিনা পেপার মিলস লি.-এ ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, ডাকাত সর্দার মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. শফিক (৩৫), পিতা-মৃত মো. আকরাম ইসলাম (২৪), মো. মিলন মিয়া (৪৪), এবং মো. কাউসার মিয়া (২৩)। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা, ছোরা, লোহার শাবল, কুড়াল, লোহার পাইপ উদ্ধার করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, “গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে।
জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে যে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।” এন.এইচ/জেসি


