Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ রাজু প্রধান বাহিনীর তিন সদস্য গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১০:১০ পিএম

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ রাজু প্রধান বাহিনীর তিন সদস্য গ্রেফতার
Swapno


ফতুল্লায় সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর তিনসদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ফতুল্লার হাটখোলা এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতির চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আরিফুল ইসলাম (২০), সজিব মিয়া (১৯) ও সোহেল (২৫)।

 

 

ফতুল্লা মডেল থানার ওসি জানান, “যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো দেশীয় অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করা হয়। ওই সময় ডাকাতিতে রাজু প্রধানসহ ১৪/১৫ জন ছিল; তারা পালিয়ে গেছে। 

 

 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাবাদ করা হলে তারা রাজুসহ ৬জনের নাম বলতে পেরেছে; এঘটনায় মামলা হয়েছে। এছাড়া রাজু প্রধানের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে; তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

 

 

উল্লেখ্য, ফতুল্লার দেওভোগ বাঁশ মুলি এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক মাস যাবত দফায় দফায় রাজু প্রধান ও সাললু বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

এতে শতাধিক দোকান ও বাড়ি ঘর কুপিয়ে ভাংচুর করেছে উভয় বাহিনীর সন্ত্রাসীরা। এছাড়া ছুরিকাঘাতে আহত হয়েছে উভয় বাহিনীর সদস্য সহ সাধারণ এলাকাবাসী।

 

 

এতে গত এক মাসে দুই বাহিনীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এরমধ্যে উভয় বাহিনীর সদস্যরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে রাজু প্রধান।

 

 

উল্লেখ্য থাকে যে, গত ৩১ মার্চ, ২০২১ সালে মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামী মোঃ রাজু প্রধান (৩৩) কে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ গ্রেফতার করেছিল র‌্যাব- ১১। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকায় নুর মসজিদ সংলগ্ন মোবারকের বাড়ীর ৩য় তলার ছাদে র‌্যাব-১১, সিপিএসসির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

 

 

১ এপ্রিল, ২০২১ সালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এ সময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩টি ছোরা, ১টি রামদা ও ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামী রাজু প্রধান ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার রিয়াজ প্রধানের ছেলে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

 

 

র‌্যাব-১১ এর পক্ষ থেকে তিনি আরো জানান, “সন্ত্রাসী রাজু প্রধান মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। দীর্ঘদিন যাবৎ তার এহেন সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ।

 

 

অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এমন পর্যায়ে চলে গেছে যে, তার হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুব্ধ জনগণ কথা বলার এবং প্রতিকার চাওয়ার সাহস পেত না।

 

 

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করা ছিল তার দৈনন্দিন বিষয়। এলাকার কেউ নতুন বাড়ি নির্মাণের সময় সে ইট, বালু সরবরাহের কথা বলে জোরপূর্বক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

 

 

এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ দল রাজু প্রধানের উপর গোয়েন্দা নজরদারী চালায়।

 

 

গত ৩১ মার্চ,২০২১ এ অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় আমলযোগ্য অপরাধ সংঘটনের জন্য অবস্থানকালে উল্লিখিত দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত আসামীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকা, মাদকব্যবসা, চাঁদাবাজি ও হত্যা মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন