ফতুল্লার মুসলিমনগরে আসামি গ্রেফতার করতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। সূত্র জানিয়েছে, মুসলিমনগর কসাইবাড়ির জামাই নাসির ডিবির সোর্স হিসেবে কাজ করে বলে এলাকায় প্রচার রয়েছে। কয়েকদিন আগে এনায়েতনগর ইউনিয়নের সাবেক মেম্বার আসমা আহমেদ রিতার স্বামীর মহিউদ্দিনের সাথে কথাকাটাকাটি হয় নাসিরের। এই কথা কাটাকাটির সূত্র ধরে নাসির ডিবি পুলিশকে এলাকায় নিয়ে আসে।
মহিউদ্দিনকে এলাকায় পেয়েই ডিবির সদস্যরা তাকে মারধর করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এসময় মহিউদ্দিনের ভাই কামাল মাদবর এগিয়ে গেলে তার সাথেও অসৌজন্য ব্যবহার করে তারা। এসময় তার ডাকে এলাকাবাসী এসে ডিবির গাড়ি অবরুদ্ধ করে। পরবর্তীতে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর কাজী মাসুদের নেতৃত্বে একটি টিম এসে তাদের উদ্ধার করে। তবে ডিবি পুলিশ বলছে, মাদককারবারীদের ধরতে ওই এলাকায় গেলেই নানা সময় বাধা প্রদান করে। আজও আসামি ধরতে গেলে ওই এলাকার বেশ কয়েকজন বাধা প্রধান করে এমন ঘটনা ঘটিয়েছে।
এস.এ/জেসি


