ওয়ালটন কর্মকর্তাকে পেটাচ্ছে শ্রমিক নেতা নজরুল, ভিডিও ভাইরাল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:০৬ পিএম
# হামলাকারী নজরুল কেন্দ্রীয় শ্রমিক নেতা পলাশের লোক
# অদৃশ্যে শক্তির কারণে হয়নি থানায় অভিযোগ
ফতুল্লার পাগলায় বসার টুল চেয়ে না পেয়ে ওয়ালটনের শোরুমে ঢুকে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ও এক কর্মচারীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ফতুল্লা থানার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শোরুমে ঢুকে মারধর করার ওই ভিডিও ঘটনার ৭দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বুধবার (১৪ ডিসেম্বর)।
মারধরের ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে একই সাথে অভিযুক্ত শ্রমিক লীগ নেতা নজরুল কে গ্রেফতারের দাবী জানিয়েছে স্থানীয় সকল শ্রেনীর পেশাজীবি মহল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ফতুল্লা থানার পাগলা বাজারস্থ কাজী প্লাজার নীচ তলায় অবস্থিত ওয়ালটনের শো-রুম "ইউসা ইলেকট্রনিক " নামক দোকান থেকে টুল চেয়ে পাঠায় অভিযুক্ত শ্রমিক লীগ নেতা নজরুল। দোকানে থাকা কর্মচারী আমজাদ টুল চাইতে আসা লোকটিকে চিনতে না পেরে টুল দেওয়া থেকে বিরত থাকে। এতে নজরুল ক্ষিপ্ত হয়ে দোকানের ভিতর প্রবেশ করে আমজাদ কে মারধর করে।
এ সময় মাসুদ নামক শো রুমের এক কর্মকতা এগিয়ে এলে তাকেও লাথি ঘুষি মারে এমনকি চেয়ার দিয়ে ও আঘাত করে। এতে করে মাসুদের মাথা ফেটে রক্তাক্ত হয়।পরে তাকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত মাসুদ মুঠোফোনে জানায়, ৯ ডিসেম্বর দুপুর তাদের দোকানে একটি টুল চেয়ে পাঠিয়েছিলো নজরুল। অপর কর্মচারী চিনতে না পারায় টুল দেয়নি। এতে করে নজরুল দোকানে প্রবেশ করে আমজাদ নামক এক কর্মচারী কে মারতে থাকে। এতে সে এগিয়ে এসে বাধা দিতে চাইলে তাকে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথায় বারোটি সেলাই লেগেছে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো বলেন অপর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন বিষয়টি মিমাংসা করে দেওয়ার কথা বলায় সে এখন পর্যন্ত আইনি ব্যবস্থা গ্রহন করেন নি। কিন্ত ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও মারধর করার কোন সুরাহা করেনি আবুল হোসেন। তাই সুস্থ হয়ে তিনি আইন সাহায্য চাইবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক নেতা নজরুল ইসলাম জানান, ওইদিন আমরা বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা সভার আয়োজন করেছিলাম। কিন্তু তারা আমাদেরকে নিয়ে বাজে কমেন্ট করেছে, বকাবকি করেছে সেটিই জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আর সেই ঘটনায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র ছিলো। তিনি চেয়ার উঠিয়ে আঘাত করার ভিডিওর কথা জিজ্ঞেস করলে তিনি জানান সরাসরি আমার অফিসে আসেন সব বলবো।
জানা যায়, নজরুল ইসলাম জাতীয় শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের ঘনিষ্টজন। অনেকের দাবি শ্রমিক নেতা পলাশের নাম ভাঙ্গিয়ে পাগলায় তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে ফতুল্লা থানা ওসি রিজাউল হক দিপুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানায় আমারা এ ঘটনায় এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। এতো বড়ো একটা কোন ধরনের মামলা বা অভিযোগ না হওয়ায় অনেকেই মনে করছেন অদৃশ্য কোন শক্তি পিছনে কলকাঠি নাড়ছে।


