ইসদাইরে খেলার সময় পাইপ চাপায় শিশু নিহত
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম
ফতুল্লার ইসদাইরে খেলা করার সময় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় আয়শা নামে ছয় বছর বয়সের আরেক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে একজন ঠিকাদার ড্রেন ও রাস্তার কাজ করছে। কাজ করার সময় মাটি খুড়ে সেখান থেকে পুরানো চার ফুট মোটা সিমেন্টের ১৫/২০টি রিং পাইপ উঠিয়ে একটির উপর আরেকটি রেখে দেয়।
কয়েকদিন ধরে সেই পাইপের কাছেই বস্তির দিন মজুরের শিশু সন্তানরা বসে খেলা করে। ঘটনার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেছে। ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতির কারনে পাইপ গড়িয়ে পড়ে ইসদাইর বস্তির দিনমজুর মিলনের শিশু মেয়ে নুপুর নিহত হয়েছে। একই বস্তির পাখির শিশু মেয়ে আয়শা গুরুতর আহত হয়েছে। এটা দুঃখজনক। এর বিচার চাই। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এস.এ/জেসি


