হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম
সিদ্ধিরগঞ্জে সংঘঠিত চাঞ্চল্যকর “সালেহা বেগম” হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফিরোজকে(৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২ জানুয়ারি) ভোররাতে রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করে র্যাব। গ্রেপ্তারকৃত ফিরোজ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার নবী হোসেনের ছেলে।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতানপাড়া এলাকায় সালেহা বেগমকে কুপিয়ে হত্যা ও তাঁর দুই শিশুসন্তান শাওন ও স্বপ্নাকে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত সালেহার স্বামী বাদশা মিয়া ফিরোজ ও মনির হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল এ মামলার রায়ে একজনকে ফাঁসি ও অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মনির হোসেন উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ফিরোজ মিয়া পলাতক ছিলেন।
এস.এ/জেসি


