Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে রাস্তা কেটে প্রকাশ্যে চলছে অবৈধ গ্যাস সংযোগ

Icon

সাদ্দাম হোসেন শুভ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

কুতুবপুরে রাস্তা কেটে প্রকাশ্যে চলছে অবৈধ গ্যাস সংযোগ
Swapno

 

কুতুবপুরের বিভিন্ন এলাকায় নতুন নতুন বাড়ি তৈরির পাশাপাশি চলছে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক। কর্তৃপক্ষ প্রতিনিয়ত এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও সবার চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছেন বাড়ির মালিকরা। এদিকে অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের।

 

 

এক দিকে গ্যাসের চাপ যেমন কমে যাচ্ছে, অন্যদিকে বারবার খোঁড়াখুঁড়ি কারণে নষ্ট হচ্ছে রাস্তাঘাট। স্থানীয় প্রভাবশালীদের মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছেন বাড়ির মালিকরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

 

 

আরও অভিযোগ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত। তাদের এ অসাধুতার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার।

 

 

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় আব্দুল কাদিরের একটি নির্মাণাধীন চার তলা ভবনসহ আশপাশের প্রায় দশটি বাড়ীতে দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। কিছুদিন আগে ওইসব ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

কিন্তু কয়েক দিন পর ওই বাড়ি মালিক আব্দুল কাদির অসাধু লোকজনের সহায়তায় আবারও গ্যাস সংযোগ পেয়ে যান। এছাড়াও পশ্চিম নন্দলালপুর প্রাপ্তি সিটির পাশে জাহিদ হাসান বেলাল, সিদ্দিক, ইকবাল, জামাল মিয়ার বাড়িসহ অসংখ্য বাড়িতে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ।

 

 

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আমরা যারা তিতাস গ্যাসের বৈধ গ্রাহক তারা ঠিক মতো গ্যাস পাচ্ছি না। অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কারণে আমাদের গ্যাসের চাপ কমে যাচ্ছে। এতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। মাসে মাসে বিল দিচ্ছি আবার ভোগান্তিও পোহাচ্ছি। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করলে আমাদের ভোগান্তি কমবে না।

 

 

এসব সংযোগের কারণে প্রচুর গ্যাস অপচয় হচ্ছে। গ্যাস সংযোগের বিষয়ে আব্দুল কাদির মিয়া বলেন, আমার বাড়ীর আগের গ্যাস সংযোগটিতে গ্যাস পাচ্ছি না। তাই এখান থেকে নতুন সংযোগ নিচ্ছি। পাকা রাস্তা কেটে গ্যাস সংযোগের বিষয়ে সরকারি কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা বাহাদুর নামে এক কন্ট্রাক্টর দিয়ে এই কাজগুলো করি সে বলতে পারবে।

 

 

অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে কন্ট্রাক্টর বাহাদুর বলেন, আমি কন্ট্রাক নিয়ে কাজ করি। গ্যাস সংযোগ দেওয়ার জন্য কোনো অনুমতি দরকার আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিসের আবার গ্যাস অফিসার অনুমতি! আমার কোনো ধরনের অনুমতি দরকার হয় না।

 

 

এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন বলেন, আব্দুল কাদির মিয়া তার গ্যাস সংযোগ দিতে আমাদের কাছথেকে কোনো ধরনের রোড কাটিংয়ের অনুমতি নেয়নি। আপনাদের ব্যবস্থা আপনারা নেন।

 

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফতুল্লা অঞ্চলের জোনারেল ম্যানেজারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এসব সংযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন