রূপগঞ্জে অবৈধ ৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম
রূপগঞ্জে চার কিলোমিটার জুড়ে প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপশী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় একটি কয়েল ফ্যাক্টরি, একটি বেকারি, ও কয়েকটি খাবার হোটেলের অবৈধ লাইনও বিচ্ছিন্ন করা হয়। এ সময় উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত এ এলাকায় তিতাসের উচ্চ চাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করছেন। আজ চারটি গ্রামের প্রায় ৫ হাজার বাড়ির এ অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করেছি।
আমাদের এ অভিযান চলমান থাকবে। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী রফিকুজ্জামান, উপ ব্যবস্থাপক হাসান আহমেদ, উপ ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম অনিক প্রমুখ।


