Logo
Logo
×

নগরের বাইরে

স্থানীয় আ’লীগ নেতাদের সাথে বসুন্ধরা ও রংধনু গ্রুপের মতবিনিময় সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

স্থানীয় আ’লীগ নেতাদের সাথে বসুন্ধরা ও রংধনু গ্রুপের মতবিনিময় সভা
Swapno

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসছেন। তিনি রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেট্রোরেল প্রকল্পের ডিপোর নির্মাণকাজ উদ্বোধন করবেন। তার সফরকে ঘিরে রূপগঞ্জে এখন উৎসবের আমেজ বইছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জবাসী।

 

 

এ আয়োজনে সর্বান্তঃকরণে পাশে থাকছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ। প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও উৎসবমুখর করতে গতকাল সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার চেয়ারম্যান হাউসে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহবান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের  সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, দাউদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন কমল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, তরুণ ব্যবসায়ী ও কাঞ্চন পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোঘল প্রমুখ।

 

 

সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগ যখন অপ্রতিরোধ্য ও গতিশীল, তখন সঠিক নেতৃত্ব আর পৃষ্ঠপোষকতার অভাবে রাজধানীর উপকণ্ঠের গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জ দ্বিধাবিভক্ত। দলীয় অন্তঃকোন্দলের কারণে মামলায় জর্জরিত নেতাকর্মীরা। আমরা চাই দল-দরদি সঠিক ও দায়িত্বশীল একজন নেতার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ঘটাতে। পাশাপাশি আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর রূপগঞ্জ আগমনকে স্মৃতিময় করে রাখতে আমরা প্রস্তুত রয়েছি।

 

 

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহবান বলেন, ‘শতাব্দীর বিস্ময়কর নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। নতুন বাংলাদেশের বিনির্মাণ, উন্নয়ন আর সমৃদ্ধির ইতিহাসে লেখা থাকবে শেখ হাসিনার নাম। ব্যবসায়ীবান্ধব এই নেতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং দেশের দ্রুত অগ্রগতি সম্ভব হচ্ছে। এদেশের স্যাটেলাইট শহর পূর্বাচলকে তিনি সাজাচ্ছেন স্বপ্নের মতো করে। এতে আমাদের অংশীদারিত্ব নিজেদেরকে গর্বিত করার জায়গা।

 

 

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর পূর্বাচলে মেট্রোরেলের ডিপোর কাজের উদ্বোধনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বসুন্ধরা এবং রংধনু গ্রুপ লক্ষাধিক মানুষের সমাগম ঘটাবে। প্রধানমন্ত্রীর সভাস্থল এবং এর আশপাশের অঞ্চলকে শোভিত করার দায়িত্বও আমাদের।' এদিকে সন্ধ্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আমন্ত্রণে সোমবার তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর আসন্ন রূপগঞ্জ সফর নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এই সফর সফল করতে বসুন্ধরা গ্রুপের উদ্যোগকে সাধুবাদ জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন