বন্দরে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ পিএম
বন্দরে আকস্মিক অগ্নিকান্ডে বসত ঘরসহ একটি টিনের মার্কেটের তিনটি দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে ৪/৫জন যুবক আহত হয়েছে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট দেড় ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
১০ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধায় সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে আনোয়ার হোসেন আনুর হোসিয়ারী কারখানা,মোশারফ হোসেনের মুদী দোকান, মনোয়ার হোসেনের মুদী দোকান এবং রাসেলের বসত ঘর।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়,১০ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় বাগবাড়ি এলাকার হানিফ মিয়ার মালিকানা টিনের মার্কেটের মোশারফের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে বিষয়টি কারো নজরে না আসায় মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে যায়।
এক পর্যায়ে লেলিহান শিখা আরো তীব্রতর হয়ে উঠলে টের পেয়ে দোকান থেকে বের হয়ে মোশারফসহ অন্যান্য দোকানীরা তা নিভৃতের চেষ্টা চালায়। তাতেও আগুনের তীব্রতা বাড়তে থাকলে এলাকাবাসী ঝাপিয়ে পড়ে। এতে ৪যুবক মারাত্নক আহত হন। পরে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট দেড় ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এন.হুসেইন/জেসি


