প্যান্টের গোপন জায়গায় মিললো ৭৮৫ পিস ইয়াবা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম
সোনারগাঁ থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
এর আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাল মাহমুদ (৫৫) কক্সবাজার সদরের সমিতিপাড়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে। পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়।
এসময় চট্টগ্রাম থেকে বরিশালগামী একটি বাসে তল্লাশি করলে গ্রেফতারকৃত ওই ব্যক্তির প্যান্টের গোপন জায়গা থেকে ৭৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এন.হুসেইন/জেসি


