আড়াইহাজারে পুলিশের গুলিতে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম
আড়াইহাজারে পুলিশের গুলিতে শামীম নামের এক সন্দেহভাজন এক ডাকাত সদস্য আহত হয়েছেন। তিনি স্থানীয় ছোটফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে। আড়াইহাজার-মদনপুর মহাসড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও ডাকাত দলের সঙ্গে সংঘর্ষের সময় কথিত ডাকাত সদস্য গুলিবৃদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে আটক করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে (২০ ফেব্রুয়ারি) সোমবার আনুমানিক ভোর সাড়ে ৩ টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থলে ৮-৯ জনের একটি দল ডাকাত বিশনন্দী, নরসিংদী গামী কয়েকটি ট্রাক ও সিএনজি থামিয়ে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে উক্ত ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি ভাবে পুলিশকে লক্ষ করে ডাকাত দলের সদস্যের হাতে থাকা রাম দা দিয়ে আঘাত করার চেষ্টা করে।
তাৎক্ষনিকভাবে আত্মরক্ষার্থে আড়াইহাজার থানার এ এস আই (নিরস্ত্র) হাবিবুর রহমান মাসুদ তার পিস্তল হতে এক রাউন্ড গুলি ফায়ার করলে ডাকাত দলের সদস্য শামীমের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলি লাগার পরেও ডাকাত শামীম দৌঁড়ে কিছুদূর পালিয়ে যেতে থাকলে এএসআই হাবিবুর রহমান ফোর্সসহ ধাওয়া করে আহত অবস্থায় তকে আটক করে। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। আহত ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এই ঘটনায় ৩ পুলিশ আহত হয়। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আহত ডাকাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাকী ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এস.এ/জেসি


