সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশের উপর হামলা, নারী গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০২:১৬ পিএম
উল্টোপথে আসা একটি অটোরিকশাকে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কনস্টেবল সুলতান আহমেদ হামলার শিকার হয়েছেন। রবিবার (৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ওই ঘটনা ঘটে। ইতোমধ্যে সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক ‘টিকটক’র অ্যাপের মাধ্যমে ছড়িয়ে গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা। এই ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় অভিযুক্ত হামলাকারী নিলুফা বেগম (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নিলুফা বেগম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কোলিনপুর এলাকার মো. মাসুদের স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সালমা টাওয়ার এলাকায় বসবাস করছেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন। এসময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায়।
এতে নারী যাত্রী নিলুফা পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন। এ অবস্থা দেখে আশপাশের কয়েকজন ছুটে আসেন।
পরে তারাসহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করেন। এসময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাপুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সকালে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
এ মামলায় ওই নারীকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। অন্যদিকে, এই ঘটনা ঘটার পর ঝধঋধণবঞ যঙংঝধওহ (@ংধভধুবঃযড়ংংধরহ৩০৩) নামে সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্কের একটি টিকটক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে টিভি অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের ডায়ালগ ওই ভিডিওর সঙ্গে সংযোজন করে ছেড়ে দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, সরকারি কাজে বাধা দেওয়া সংক্রান্ত মামলায় নিলুফা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েচে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টায় পুলিশের একাধিক টিম কাজ করছে। এন.হুসেইন/জেসি


