সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোঃ মাহফুজুর রহমান, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন, উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকারসহ সঙ্গীয় ফোর্স সহায়তা করেন।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এভাবে প্রতি বছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। এন.হুসেইন/জেসি


