রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতার অফিস ও বাড়িতে হামলা, আহত ২
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০২:১৫ পিএম
রূপগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আব্দুর রহমান নামে এক যুবলীগ নেতার অফিস ও বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাধা দেয়ায় দুই নারীকে পিটিয়ে আহত করা করে হামলাকারিরা। সোমবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব বাড়ৈপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা আব্দুর রহমান জানান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি দুই বলয়ে বিভক্ত। একটি পক্ষ স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী, আরেকটি পক্ষ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ও রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া ও রফিকুল ইসলামের বলয়ে রাজনীতি করেন।
এরই জেরে সোমবার তারাবিহ নামাযের সময় এমপি বলয়ের ভুলতা ইউনিয়র যুব মহিলালীগের সাধারন সম্পাদক সুমা আক্তার, ছাত্রলীগ নেতা নিশাত মোল্লা, নজরুল, খোকন, রাহুল, রুহুল আমিনসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার রাজনৈতিক অফিসে হামলা চালায়। এসময় হামলাকারিরা সেখানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পরে তারা রহমানের বসত বাড়ীতে গিয়েএ হামলা চালায়। হামলায় বাধা দেয়ায় হামলাকারীরা রহমানের স্ত্রী সোনিয়া আক্তার ও ভাগ্নী স্বপ্না আক্তারকে মারধোর করে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, হামলা ও ভাংচুরের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। এন.হুসেইন/জেসি


