বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় যুবক খুন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৫:০৮ পিএম
বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মেরাজ (২৬) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মেরাজের বন্ধু আলামিন (২৭)। নিহত মেরাজ বন্দরের ছালেহনগড় এলাকার এজাজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
এর আগে এলাকাবাসী মেরাজসহ আহত দুইজনকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে রের্ফাড করে। সেখানে মেরাজ নামের সেই যুবক মারা যায়। সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এদিকে মেরাজ নিহত হওয়ার খবরে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তেজিতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরসহ বন্দর সালেহনগর এলাকার কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মিয়ার ভাতিজা সোয়েব ও রবিন উল্লেখিত কাউন্সিলরের ঘনিষ্ট সহযোগী সালেহনগর এলাকার সন্ত্রাসী পিংকি, বাবু, মানিক, রানা ও নাদিমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রূপালী আবাসিক এলাকার এজাজ মিয়ার ছেলে মেরাজ ও তার বন্ধু আলামিনকে হত্যা করার উদ্দেশ্যে অতর্কিত হামলায় চালায়। ওই সময় হামলাকারিরা উল্লেখিত দুই যুবককে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মারাত্মক জখম অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে রূপালী এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২১ নং ওয়ার্ডের বিএনপি নেতা কাজলকে পিটিয়ে জখম করার ঘটনার জের ধরে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাকারি সোয়েব বন্দর থানার ছালেহনগর এলাকার খলিলুর রহমান ও অপর হামলাকারি রবিন একই এলাকার জলিলুর রহমানের ছেলে এবং স্থানীয় কাউন্সিলর শাহিন মিয়ার ভাতিজা বলে জানা গেছে।এদিকে রাতে রূপালী আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রবের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
এরআগে সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় দুই যুবক আহতের ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যুবক মেরাজ নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এন.হুসেইন/জেসি


