হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০১:০২ পিএম
হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহাসড়কে তিন চাকার যানবাহন চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে সরকার কৃর্তক নিষিদ্ধ যেসব যানবাহন (সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সা) চলাচল করে ওই সকল যানবাহনের প্রায় তিনশত চালক একত্রিত হয়ে উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।
এ সময় মহাসড়কের দু’পাশে ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসার পর বিক্ষুদ্ধ চালকরা পুলিশের সামনেই চাঁদাবাজী বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে স্থানীয় চেঙ্গাকান্দি গ্রামের অটোরিক্সা চালক রহিম মিয়া জানান, আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরীব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ী চালাই।
বিক্ষোভ চলাকালে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান অটো চালকদের সামনে গেলে তার সামনেই চালকরা বলেন, আপনাকে প্রতিমাসে আমরা টাকা দেই। তারপরও কেন আমাদের গাড়ী আটকে দেন। এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, ঠিক আছে আপনারা গাড়ী চালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম জানান, তিন চাকার যানবাহন চালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মহাসড়কে চলাচলরত নিষিদ্ধ যানবাহনের চালকের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এন.হুসেইন/জেসি


