মে দিবসেই নির্মাণ শ্রমিক কন্ট্রাক্টরকে পেটালেন শ্রমিক নেতা জামাল
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৫:৩১ পিএম
মে দিবস যেখানে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার কথা থাকলেও উল্টো চিত্র দেখা গেছে ফতুল্লার কুতুবপুরে। এক শ্রমিক নেতা তার দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে কনস্ট্রাকশন এক শ্রমিককে বেধড়ক মারপিট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সন্ত্রাসী জামাল ও তার সহযোগীরা একজন শ্রমিককে পিটিয়ে আহত করেছে। সোমবার (১ মে) দেড় ঘটিকার সময় পাগলা মধ্য রসুলপুর এলাকার বড় মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে মধ্য রসুলপুর জসিম মার্কেট এলাকার দিল মোহাম্মদ ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া কনস্ট্রাকশন শ্রমিক, মৃত সিরাজ হাওলাদারের ছেলে শাহিন আলম (৩৯) বাদী হয়ে, রসুলপুর আগুন গল্লি এলাকার সালাউদ্দিনের ছেলে শ্রমিক লীগ নেতা জামাল (৫০), তার সহযোগী সেলিম (৪৫) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শাহিন আলম কনস্ট্রাকশন কন্ট্রাক্টর হিসেবে কাজ করে আসছিল। তার কাছে অযৌক্তিকভাবে সন্ত্রাসী জামাল ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদা দিতে না পারায় জামাল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শাহিন আলমকে মারধর করে তার সাথে থাকা শ্রমিকদের হাজিরার, নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা থানা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক জামাল আহাম্মেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সে বিএনপির মিছিলে যায় এই কারণে তাকে মারছি।
আর চাঁদার বিষয়ে বলেন, ও একটা ফকিন্নির পোলা ওর কাছে আমি ১ লাখ টাকা চাঁদা চাইবো, এগুলো মিথ্যা কথা। মে দিবসে উপলক্ষে আমাদের একটি মিটিং ছিল ঢাকায় সেখানে মিছিল নিয়ে গেছি, আর বিএনপির কিছু লোক আমাদের সাথে যেতে না চাওয়ায় আমি দুই একটা চর থাপ্পড় দিছি।


