বন্দরে বিদেশী পিস্তলসহ ডাকাত স্বপন গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৫:১৯ পিএম
বন্দর থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ শরাফত আলী স্বপন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (৩ মে ) দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানাধীন তালতলা সাকিনস্থ মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ এ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরাফত আলী স্বপন বন্দরের চানপুর দক্ষিনপাড়া এলাকার আলী ভান্ডারীর ছেলে। এ সময় আসামীর হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি লোহার পাইপ, ১টি ছোরা, ১টি মোবাইল ও ১টি সীম উদ্ধার করা হয়। র্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এন.হুসেইন/জেসি


