সোনারগাঁয়ে আড়াই কোটি পিস অবৈধ চিংড়ি রেনুুপোনা জব্দ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৬:০১ পিএম
সোনারগাঁয়ে আড়াই কোটি পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (৪ মে) মধ্যরাতে উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে বাগেরহাট গামী একটি ট্রাক তল্লাশি করে আনুমানিক দুই কোটি পঞ্চান্ন লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।
তবে এসময় অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রঞ্জিত বাবু এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।


