স্টিল কারখানার চুল্লি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৮:৩২ পিএম
# নির্মাণাধীন কারখানাটিতে পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ করা হচ্ছিল
রূপগঞ্জে স্টিল কারখানায় লোহা গলানোর সময় চুল্লি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও তিন শ্রমিক মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হলো। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ভুলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে সাতজন দগ্ধ হন। ঘটনার পর তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। হাসপাতালে আনার পর শঙ্কর (৪০) নামের এক শ্রমিক মারা যান।
ইনস্টিটিউট ও পুলিশ সূত্র জানায়, ইলিয়াস আলী (৩৫) নামের এক শ্রমিক বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মো. নিয়ন (২০) নামের আরেক শ্রমিক মারা যান শুক্রবার সকাল সাড়ে ১০টায়। এ ছাড়া শুক্রবার। দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন (৩৩) নামের এক শ্রমিক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ইলিয়াসের শরীরের ৯৮ শতাংশ, নিয়নের ৯৭ শতাংশ ও আলমগীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এখন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন তিন দগ্ধ শ্রমিক। তাঁরা হলেন জুয়েল (২৫), রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, রাব্বির শরীরের ৯৮ শতাংশ, জুয়েলের ৯৫ শতাংশ ও ইব্রাহিমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।
ইনস্টিটিউট ও পুলিশ সূত্রে জানা যায়, মারা যাওয়া ইলিয়াস ও আলমগীরের বাড়ি কিশোরগঞ্জে। নিয়নের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইলিয়াস, নিয়ন ও আলমগীরের লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। বিস্ফোরণের পর গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
পরে তিনি বলেন, কারখানাটি এখনো নির্মাণাধীন। পরীক্ষামূলকভাবে লোহা গলানোর কাজ করা হচ্ছিল। বেলা সাড়ে তিনটার দিকে লোহা গলানোর চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর গলিত উত্তপ্ত লোহা শ্রমিকদের শরীরে পড়ে।
এস.এ/জেসি


