সিদ্ধিরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:০৬ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মাদক চোরাকারবারির মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিছ ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি আজ সন্ধ্যায় নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান।
এর আগে শুক্রবার (৫ মে) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, সিদ্ধিরগঞ্জের সায়েদ মিয়ার ছেলে এবং টাইগার ফারুকের ছোট ভাই জসিম মিয়া (৩৮), একেএম ইয়াকুবের ছেলে মেহেদী হাসান হিমেল (৩১), একই থানার মৃত এনায়েত আলীর ছেলে রুবেল মিয়া (৩৪), হানিফ মুন্সির ছেলে আব্দুর সালাম (৩৪), মৃত নূরু কসাইয়ের ছেলে জাহাঙ্গীর হোসেন পিন্টু (৪৪)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ীদের মূলহোতা জসিম মিয়া। সে দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জে মাদকের ব্যবসা করে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সরবরাহ করে তার সিন্ডিকেট দ্বারা ব্যবসা পরিচালিত হয়ে আসছিল। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে। জসিমসহ তার সিন্ডিকেটের সকল সদস্যদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এন. হুসেইন/জেসি


