সোনারগাঁয়ে ইউটিউবারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৩, ০১:২৯ পিএম
মিথ্যা তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে হয়রানী ও মান-সম্মান ক্ষুন্ন করার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিতর্কিত ইউটিউবার কথিত সাংবাদিক শাহারুখ আহম্মেদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে শাহারুখ আহম্মেদ দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপরাধমুলক কার্যক্রম করে আসছে।
তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে গত ১৩ মে ২০২৩ ইং তারিখে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল মোল্লা ও তার ছেলে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এম এম সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে অপপ্রচার ও মানহানীর করতে আপত্তিকর তথ্যচিত্রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে পোস্ট করে।
মিথ্যা ও অপপ্রচার করায় বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল মোল্লা ও তার পরিবারের মানহানী ও সামাজিক ভাবে মান সম্মান ক্ষুন্ন হয়েছে মর্মে বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল মোল্লার ছেলে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এর আগে কথিত ও বিতর্কিত শাহারুখ আহম্মেদ সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় ২৯ এপ্রিল দৈনিক ইয়াদ ও ২ এপ্রিলে দৈনিক সচেতন পত্রিকয় তার বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও শাহারুখ আহম্মেদের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে ।
এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এন.হুসেইন রনী /জেসি


