বন্দরে জুয়েল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৮:৪০ পিএম
দুই বছরেরও অধিক সময় পলাতক থাকার পর গ্রেফতার হলো বন্দরের মদনপুর এলাকার চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার ৩নং এজাহার ভুক্ত আসামি শাহাজালাল মেম্বার (৫২)। রোববার সিদ্ধিরগঞ্জ কবরস্থান রোড’র সিআই খোলা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত শাহাজালাল মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আন্দিরপাড় এলাকার মৃত মোসলেম মিয়ার বড় ছেলে। এর আগে মদনপুর ২নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে সৌদি প্রবাসী জুয়েল ছুটিতে দেশে আসলে গত ২০২১ সালের ৭ এপ্রিলে তাকে রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে, দুই পায়ের রগ কেটে ফেলে প্রকাশ্যে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
পাওনা টাকা ফেরত চাওয়ায় এই হত্যাকাণ্ড করা হয় বলে জুয়েলেও পারিবারিক সূত্রে জানা যায়। এই ঘটনার পরের দিন বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার ৮জন আসামির মধ্যে শাহাজালাল (৫২) অন্যতম এবং ৩নং আসামী। ঘটনার পর বাকি আসামীরা নারায়ণগঞ্জ কোর্টে আত্মসমর্পণ করে জামিনে এসে মামলার বাদি সোহেল মেম্বারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি প্রদানসহ বিভিন্নভাবে হয়রানি করে বলে অভিযোগ পাওয়া যায়।
তবে ৩নং আসামী শাহাজালাল দীর্ঘদিন পলাতক ছিল। মামলাটি ডিবি এবং পরে সিআইডিতে হস্তান্তর করা হয়। এতদিন শাহাজালাল গ্রেফতার না হওয়ায় নিহত জুয়েলের পরিবার আতঙ্কিত ছিল বলে জানা গেছে। এ বিষয়ে র্যাব-১১ এর উপঅধিনায়ক মেজর সানরিয়া চৌধুরি জানান, মদনপুরে জুয়েল হত্যার ৩নং এজাহার ভুক্ত আসামী শাহজালালকে আমরা সিদ্ধিরগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারের পর আসামীকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এস.এ/জেসি
এ বিষয়ে সিআইডির এএসপি জাহাঙ্গীর হোসেন জানান, মদনপুরে জুয়েল হত্যার ৩নং আসামী শাহাজালালকে র্যাব-১১ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করলে তার রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।


