আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে থানায় মামলা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৯:২৬ পিএম
আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে হাত ও মুখ বেধে জোরপূর্বক ধর্ষণের দায়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর মা সাফিয়া বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত মধ্যারচর গ্রামের রাজ্জাক ওরফে রেজেকের বখাটে ছেলে শাকিল (১৯)। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বুধবার রাতে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে গেলে শাকিল তার ২-৩ জন বন্ধুর সহায়তায় ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ছাত্রীর বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর ভিটায় নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।
ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ ঘরের ভিতর না দেখে বাড়ির লোকজন বাহিরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর ভিটায় তাকে অজ্ঞান ও অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পান। তার অবস্থা খারাপ দেখে পরের দিন বুধবার রাতে স্বজনরা তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
হাসপাতালে তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এস.এ/জেসি


