আড়াইহাজারে মার্কেটের দুই দোকানে চুরি
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:১৫ পিএম
আড়াইহাজার পৌর বাজারের পিংকি সুপার (বহুতল) মার্কেটের দুই দোকানে চুরি ঘটনা ঘটেছে।শুক্রবার রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটে। দুটি দোকান থেকে বিভিন্ন কোম্পানির ১২৬ টি মোবাইল ফোন ও সাড়ে তিন লাখ টাকা নগদ লুটে নিয়েছে অজ্ঞাত চোরেরা।
জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত পিংকি সুপার মার্কেটের রাজু টেলিকম সেন্টারের দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন কোম্পানির ৯১ টি দামি মোবাইল ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুটে নেয়া হয়েছে। একই সময় পাশের দোকান মেসার্স ইসহাক সেন্টার থেকে বিভিন্ন কোম্পানির ৩৫ পিছ মোবাইল ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্ত ইসহাক টেলিকমের মালিক ইসহাক বলেন, আমার শো-রুম থেকে ৩৫টি দামি মোবাইল সেট লুট করা হয়েছে। এছাড়াও ক্যাশড্রয়ারে থাকা প্রায় ২ লাখ টাকা লুটে নেয়। ইসহাক আরও বলেন, প্রতিষ্ঠানের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু রাতে প্রতিষ্ঠানের ভিতরে বাতি নেভানো ছিল।
মার্কেট কর্তৃপক্ষের নিধেষে বাতি রাতে বন্ধ রাখা হয়। তার অভিযোগ, রাতে বিদ্যুৎ বন্ধ থাকায় (সিসি) ক্যামেরাও বন্ধ ছিল। এতে দুস্কৃতিকারীদের শনাক্ত করা যাচ্ছেনা। ক্যামেরা চালু থাকলে দুস্কৃতিকারীদের শনাক্ত করাটা সহজ হতো। এদিকে একই অভিযোগ করেন শাহাদাত টেলিকমের মালিক রাজু।
তিনি বলেন, আমার প্রতিষ্ঠান থেকে ৫১ টি দামী মোবাইল সেট ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা লুটে নেয়। রাতে প্রতিষ্ঠান বন্ধ করার পর ভিতরে বিদ্যুৎ বন্ধ থাকায় (সিসি) ক্যামেরায় চোরচক্রের সদস্যদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছেনা। উপজেলা সদরে এইরকম দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আমরা চোর গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি। এন.হুসেইন রনী /জেসি


