রূপগঞ্জে আওয়ামীলীগের শান্তি শোভাযাত্রা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম
দেশে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রূপগঞ্জ আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ উপলক্ষ্যে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ে বালুর মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে তখন বিএনপি জামাত অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশব্যাপী আবারও জ্বালাও পোড়াও আর অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তারা। এসময় বক্তারা আরও বলেন, রফিকুল ইসলামের নেতৃত্বে আমরা রূপগঞ্জের রাজপথে কোন অপশক্তির তান্ডব চালাতে দেবো না।
অগ্নি সন্ত্রাসীদের রুখতে সর্বদা মুজিব সৈনিকেরা মাঠে থাকবে। সভা শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা কাঞ্চন সেতুর ব্রাক্ষণখালী এলাকা শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পলখান এলাকায় এসে শেষ হয়।


