চনপাড়ায় অভিযানে অস্ত্রসহ জয়নালসহ গ্রেপ্তার ৯,অস্ত্র ও মাদক উদ্ধার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০২:৪৪ পিএম
রূপগঞ্জের চনপাড়া থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ জয়নাল বাহিনীর প্রধান জয়নাল ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে, ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চনপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে জয়নাল আবেদীন (৪২), হোসেন আলীর ছেলে কাউছার (২৬) ও চান মিয়ার ছেলে আলম (২৫)। আসামিদের কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি জয়নালের বিরুদ্ধে খুন, হত্যা চেষ্টা, প্রতারনা, বিস্ফোরক দ্রব্যসহ মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, চনপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী যত রকমের কার্যক্রম সংঘটিত হয় তা আসামি জয়নালের নেতৃত্বে হয়ে থাকে।
এ অভিযানে আসামি জয়নালের আরো ০৬ (ছয়) সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ইউপি সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর থেকেই মাদক কারবারীসহ অপরাধ নিয়ন্ত্রণে নিতে জয়নাল গ্রুপ, সেলিনা আক্তার রিতা গ্রুপ, শাহাবুদ্দিন গ্রুপ, শমসের গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, রায়হান গ্রুপসহ বেশকয়েকটি গ্রুপ উঠে পড়ে লাগে।
এসব গ্রুপ সশস্ত্র অবস্থায় কয়েক দিন পর পর গোলাগুলি ও সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধসহ হতাহতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংঘর্ষ থামাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়। সর্বশেষ ২২ জুলাই ও ২৩ জুলাই দুই দিনব্যাপী উপনির্বাচনে নির্বাচিত বর্তমান ইউপি সদস্য শমসের আলী গ্রুপের সঙ্গে তার প্রতিপক্ষ জয়নাল গ্রæপের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনার পর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে জনমনে আতঙ্ক। এন.হুসেইন রনী /জেসি


