ডিএনডি খালে ভ্যান মিস্ত্রির অর্ধগলিত লাশ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর ডিএনডি পানি নিষ্কাশন খালের ময়লা আবর্জনা ও পঁচা কচুরিপানা থেকে সালাম (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড কাস্সাফ মার্কেটের পিছনের ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালাম সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার মোঃ ইমাম হোসেনের ছেলে। তিনি একটি ভ্যানগাড়ি গ্যারেজের কর্মচারি ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশীষ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি বিকৃত হয়ে পড়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গত ৩১ জুলাই থেকে সালাম নিখোঁজ ছিলেন। তিনি একটি ভ্যানগাড়ি গ্যারেজে কাজ করতেন। মাঝে মাঝে খালপাড় এলাকায় একটি চা দোকানে বসতেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এস.এ/জেসি


