সিদ্ধিরগঞ্জে চালের দোকানে দুর্ধর্ষ চুরি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৯:৩৫ পিএম
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামের এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ঐ দোকানের ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (৯ আগস্ট) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ফিরোজ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো: জিতু মাহমুদ বাদী হয়ে আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (অভিযোগ নং- ৪৪১০) দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, তিনি ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার দিনগত রাতে সে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা এবং ৩০০ চালের বস্তা যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা ও ৭ কার্টুন সয়াবিন তেল যার মূল্য ২১ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে। এদিকে এলাকবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় দিনদিন আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আগে পুলিশ প্রতিটি পাড়া মহল্লায় নিয়মিত টহল দিলেও বর্তমানে তা দেখা যায় না। পুলিশ নিয়মিত টহল দিলে চুরি, ছিনতাই, ডাকাতির মত ঘটনা কমে আসতো। কিছুদিন পর পর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় পুলিশের নিয়মিত টহল না দেওয়াকেই দায়ী করছেন এলাকাবাসী। এস.এ/জেসি


