বাদীকে হুমকি দিচ্ছেন মোতালেব হত্যা মামলার আসামীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
দুই বছরেও স্বামী হত্যার বিচার পায়নি নিহত মোতালেব এর স্ত্রী মাকসুদা বেগম। গত ২০২১ সালের ৩১ আগস্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে ব্যবসায়ী মোতালেবকে।
জানা যায়, ৩১ আগস্ট রাতে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে ঐ এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ইসমাইল, নবী হোসেন, রাজু সহ আরও ৪-৫জন মিলে পূর্ব পরিকল্পিত ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে ব্যবসায়ী মোতালেবকে।
এ হত্যাকান্ডের পরে ব্যবসায়ী মোতালেব এর স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। এই হত্যা মামলায় আসামী করা হয় শাসনের বাগ এলাকার জলু মিয়ার ছেলে ইসমাইল ও তার ভাই নবী হোসেন, সজিব, রাজু, তানজিল, হাফেজ ওরফে হাবিব ও হোসাইনকে। জানা যায়, এই মামলায় পুলিশ নবী হোসেন, সজিব, তানজিল ও রাজু’কে গ্রেফতার করেন এবং বাকি তিন আসামী ইসমাইল, হাফেজ ওরফে হাবিব ও হোসাইন এখনও পলাতক রয়েছেন।
এছাড়াও এই হত্যা মামলায় আসামী রাজু এখনও কারাগারে আছেন ও বাকি তিন জন নবী হোসেন, সজিব ও তানজিল জামিনে বের হয়ে এসেছেন। কিন্তু কিছু দিন আগে আসামী সজিব ও তানজিল জামিনে বের হয়ে আসার পথে নবীগঞ্জ ঘাটের সামনে বাদী মাকসুদা বেগম ও তার ছেলের উপর হামলা করেন এবং আসামীরা মামলা তুলে নেওয়ার জন বাদীকে হুমকি প্রদান করেন।
এ বিষয়ে মাকসুদা বেগম থানায় একটি অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এবিষয়ে বাদী মাকসুদা বেগম বলেন, আসামীরা জামিনে বের হয়ে আমাকে হুমকি দিচ্ছে। যাতে আমি মামলা তুলে নেই। তারা আমার আত্মায় স্বজনদেরও হুমকি ধুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা এলাকায় চলা ফেরা করতে পাচ্ছি না।
তারা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে হুমকি দেয়। আমি সহ আমার পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই এবং আমার স্বামীর হত্যার বিচার চাই। এন. হুসেইন রনী /জেসি


