মেহেদী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম
ফতুল্লায় মেহেদী হত্যা মামলার পলাতক আসামী সীমান্ত (২২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার দুপুরে র্যাব-১১’র সিনিয়র সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার রাতে দেওভোগ পশ্চিম নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সীমান্ত জেলার ফতুল্লা মডেল থানার- দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকার রূপচান ওরফে চুল্লা রূপচান মিয়ার ছেলে। তার নামে আরো একটি হত্যার চেষ্টা ও চুরি সংক্রান্ত মামলা রয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি সীমান্ত ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম মেহেদীকে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে হত্যা করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে।
র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় অভিযান পরিচালনা করে সীমান্তকে গ্রেপ্তার করে। তাকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। এস.এ/জেসি


