বক্তাবলীতে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
বক্তাবলীতে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। নিহত শিশুটির নাম সৈকত (৭)। সে গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। প্রাথমিক তথ্যের বরাতে ফতুল্লা থানার ওসি মান্নান বলেন, গত রোববার দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামে ওই শিশু। পরিবারের পক্ষ থেকে রাতে থানায় একটি সাধারণ ডাইরি করেন।
“খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।


