সোনারগাঁয়ে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
নিহত দুই শিশু আপন দুই ভাই, আদনান (১০) ও আব্রাহাম (৭)।
সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই শিশু আপন দুই ভাই, আদনান (১০) ও আব্রাহাম (৭)। মৃত দুই শিশু কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা সোনারগাঁ উপজেলার রায়েরটেক খান বাড়ি এলাকায় নিজাম খানের বাসায় ভাড়া থাকত এবং দুইজনই মাদ্রাসার ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, ‘দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে তারা পানিতে নামে। কিছুক্ষণ পর তাদের আর দেখা না গেলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এক নারীর কান্নাকাটি শুনে, আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, ‘পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সামান্য অসতর্কতার কারণে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।


