ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ বহিষ্কার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ বহিষ্কার
ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে। ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জানা যায়, ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
এতে একটি মাদ্রাসার শিক্ষার্থীসহ দুইজন গুরুতর আহত হন, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পেশীশক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


